স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মাদানী অ্যাভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথার বই ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়। তাঁর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পরিবারের ঘনিষ্ঠজনদের স্মৃতিকথা ও অনুভূতির সংকলনে বইটি রচিত হয়েছে।
স্মরণ অনুষ্ঠানে মূল বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।
এ সময় স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘Samson: Through a Son's Lens’-এর সংক্ষিপ্ত অংশ প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, স্যামসন এইচ. চৌধুরীর মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’ মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, পোশাকশ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, কলসিন্দুরের নারী ফুটবলারদের সহায়তা এবং পাবনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প।
