নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে সাইফুদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চরহাজারীর কালুমেটের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার এসআই পুষ্প রঞ্জন বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্যবসায়ী সাইফুদ্দিনের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে বসুরহাট বাজার থেকে সাইফুদ্দিন নিজের বাড়ি ফিরছিলেন। এই সময় পূর্বশত্রুতার জের ধরে জয়নাল ও বাবুলের নেতৃত্বে সন্ত্রাসীরা তার পথ রোধ করে মুখ চেপে ধরে এলোপাথাড়ি পেটাতে থাকে। সাইফুদ্দিনের ভাবি তাসলিমা আক্তার ও তার কাছ থেকে দু’টি মুঠোফোন, স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এসআই পুষ্প রঞ্জন বড়ুয়া জানান, এ ঘটনায় আহত ব্যবসায়ী সাইফুদ্দিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়নাল ও বাবুলকে আটক করে থানায় নিয়ে আসে।
ইত্তেফাক/এনই