নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সঙ্গে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর পরীক্ষায় ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কিরোগার কোভিড-১৯ পজিটিভ এসেছে। মঙ্গলবার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর থেকে কিরোগা নিউ ইয়র্কে কোয়ারেন্টাইনে আছেন।
ব্রাজিল সরকারের গণযোগাযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মন্ত্রী ভালো আছেন।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্রাজিল প্রতিনিধিদলের বাকি সবার নেগেটিভ এসেছে। জাতিসংঘ ভবনে থাকার পুরোটা সময় তিনি মাস্ক পরে ছিলেন বলে কিরোগা সিএনএন ব্রাজিলকে জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাধারণ অধিবেশনে যোগ দেওয়া সবাইকে টিকা নিতে বলা হলেও ভ্যাকসিন নিয়ে সংশয়বাদী বোলসোনারো জাতিসংঘের নিয়ম অমান্য করেছেন। টিকা না নেওয়ার জন্য বড়াইও করেছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যেখানে বৈশ্বিক করোনা ভাইরাস মহামারি শীর্ষ এজেন্ডা ছিল, বিশ্বনেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বোলসোনারো বলেছেন, তার সরকার ভ্যাকসিন পাসপোর্টের ব্যবহার সমর্থন করে না এবং করোনা ভাইরাস চিকিত্সায় ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো অপ্রমাণিত ওষুধ ব্যবহারের পক্ষে।