কোটালীপাড়ায় ৪৫ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিদ্যার দেবী সরস্বতী। প্রতি বছরই কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর এ পূজায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। উপজেলার কান্দি ইউনিয়নের আমবাড়ী গ্রামের যুবকরা মিলে ৪৫ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পুজার আয়োজন করেছে। প্রতিমাটি তৈরি করেছেন শ্রীবাস গাইন (পাল)।

গতকাল রবিবার আমবাড়ী গ্রামের সার্বজনীন শ্রী শ্রী রাধাগবিন্দ ও গনেশ পাগল সেবাশ্রম চত্বরে নির্মিত ৪৫ ফুট উচ্চতার এই সরস্বতী প্রতিমায় পূজা অনুষ্ঠিত হয়। পূজা দেখার জন্য আশপাশের এলাকা থেকে লোক জড়ো হয়। এছাড়াও বরিশাল, পিরোজপুর ও বিভিন্ন জেলা উপজেলার আত্মীয়-স্বজন এসেছে পূজা দেখার জন্য। পূজাকে কেন্দ্র করে বসেছে ৩দিন ব্যাপী মেলা। আয়োজন করা হয়েছে ধর্মীয় যাত্রাপালা ও কবি গানের।

পুরোহিত সুমঙ্গল ঢালী বলেন, আমি  চল্লিশ বছর ধরে পূজা করি। কিন্তু এত বড় প্রতিমায় কোনো দিন পূজা করিনি। আমার অনেক স্থানে পূজা করার কথা ছিল, কিন্ত সব বাদ দিয়ে এখানে পূজা করতে এসেছি। পূজা কমিটির সভাপতি অন্তর গাইন বলেন, এলাকার যুবকরা মিলে এই পূজার আয়োজন করেছি।  এই পূজায় ৩ লক্ষাধিক টাকা খরচ হবে। আমরা এ ধরনের পূজার আয়োজন করতে পেরে আনন্দিত।