বাবা তামিমের সঙ্গে মিরপুরে আরহামের ব্যাটিং

স্পোর্টস রিপোর্টার

ভর দুপুর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিং করছিলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পাশেই আরেকটি নেট প্রস্তুত করছিলেন গ্রাউন্ডসম্যানরা। এমন সময়ে ব্যাটিং করতে ড্রেসিংরুম থেকে বের হয়ে আসেন তামিম ইকবাল। পেছনে গুটিগুটি পায়ে বাবাকে অনুসরণ করে হাঁটছিল আরহাম ইকবাল খান।

বাবার মতো পাঁচ বছর বয়সি আরহামের হাতেও গতকাল ব্যাট, গ্লাভস ছিল, গায়ে জার্সি, মাথায় ক্যাপ, ছিল না শুধু হেলমেট, প্যাড। উইকেটের কাছে আসতেই মাহমুদউল্লাহর ডাক ‘আরহাম চাচ্চু’। ছোট্ট আরহাম এগিয়ে আসে, নেট ছেড়ে বের হয়ে মাহমুদউল্লাহও হাত মেলালেন।

তারপরই ব্যাটিং অনুশীলনে ব্যস্ত হলেন তামিম, মাহমুদউল্লাহ। থেমে ছিল না আরহামও। রোদের তীব্রতার কারণে ছাতার নিচে কিছুক্ষণ বসে ছিল। পরেই ব্যাট হাতে নেমে পড়ে ছোট ‘খান’। বাবা বাঁহাতি হলেও আরহাম ডানহাতি ব্যাটসম্যান। গ্রাউন্ডসম্যানদের সঙ্গেই চলল তার ব্যাটিংয়ের পালা। পরে বোলিংয়ে হাত ঘুরানোর চেষ্টাও করেছে আরহাম।

গতকাল ব্যাটিং, বোলিং আগে শেষ হলেও বাবার জন্য মাঠেই অপেক্ষায় ছিল এ খুদে ক্রিকেটার। পরে তামিমের সঙ্গেই মাঠ ছাড়ে আরহাম। বের হওয়ার আগে বাবাকেও একবার বল ছুড়ে দিয়েছিল, যে বলটা রক্ষণাত্মক ভঙ্গিমায় ঠেকিয়েছেন দেশসেরা ওপেনার তামিম।

সামনেই টি-২০ টুর্নামেন্ট, তামিম-মাহমুদউল্লাহদের প্রস্তুতিও সেজন্যই। কিন্তু দুজনের গতিপথ ভিন্ন। যদিও তাদের লক্ষ্য একই হতে পারত। শেষ মুহূর্তে তামিম টি-২০ বিশ্বকাপ দল থেকে নাম প্রত্যাহার করায় ভিন্ন টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন তারা।

হাঁটুর ইনজুরি কাটিয়ে তামিম খেলতে যাচ্ছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে। আজই দেশ ছাড়ার কথা অভিজ্ঞ এ ওপেনারের। অন্যদিকে মাহমুদউল্লাহর ধ্যান-জ্ঞান এখন আসন্ন বিশ্বকাপ। আগামী মাসেই ওমান, আমিরাতে শুরু হবে টি-২০-র বিশ্ব শ্রেষ্ঠত্বের এ লড়াই।  এদিকে ওমরাহ হজ শেষে গতকাল বিকালে অনুশীলনে ফিরেছেন নুরুল হাসান সোহানও।