রে জা উ ল ক রি ম খো ক ন
প্রথম ছবিতেই ১৭টি চুম্বন এবং সাহসী দৃশ্যে ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন যিনি, তিনি মল্লিকা শেরাওয়াত। ২০০৩ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘খোওয়াইশ’। পরের বছর মহেশ ভাটের ‘মার্ডার’ ছবিতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেন মল্লিকা। সেলুলয়েডের পর্দায় প্রথমদিন থেকেই তিনি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন, শরীর দেখানোয় তিনি অস্বস্তি বোধ করেন না। একটা সময়ে সিনেমায় সাহসী চরিত্র করে যৌনতা আর মল্লিকা শেরাওয়াত ছিলেন আপাতত সমার্থক। শুধু যৌন-দৃশ্যেই নয়, খোলামেলা পোশাকেও তিনি বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। ‘মার্ডার’ ছবিতে মল্লিকা অভিনীত ঘনিষ্ঠ দৃশ্য বিস্তর সমালোচনার মুখে যেমন পড়তে হয়েছিল, সেইসঙ্গে শুরু হয়েছিল বিতর্কও। সমালোচনার কারণ, একবিংশ শতাব্দীর শুরুর ওই সময়ে বলিউডপ্রেমী দর্শকদের একাংশ হিন্দি ছবিতে এতটা সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্য দেখতে অভ্যস্ত ছিল না। অথচ সাবলীলভাবে পর্দায় সেইসব দৃশ্যই হাজির করেছিলেন পরিচালক অনুরাগ বসু ‘মার্ডার’ ছবির মাধ্যমে। আর তাই মল্লিকা শেরাওয়াতকে ‘পতিতা নারী’ তকমাও দেওয়া হয়েছিল বলে দাবি এই অভিনেত্রীর। তবে ‘সাহসী’ তকমা ছাড়িয়ে যেন কিছুতেই বাইরে পা রাখতে পারছিলেন না। যে কারণে বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন।
৪৪ বছর বয়সী মল্লিকা ধরে রেখেছেন নিজের ঈর্ষণীয় ফিগার আর ফিটনেস। আজও নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাইছেন মল্লিকা। সম্প্রতি প্রত্যাবর্তন ঘটেছে তার ওয়েব সিরিজে। ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ার’র নতুন থ্রিলার ওয়েব সিরিজ ‘নাকাব’-এ অন্যতম প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শো-বিজের চাঞ্চল্যকর কিছু ঘটনা এবং বিনোদন জগতের নানা স্ক্যান্ডাল, অপরাধ ইত্যাদি উঠে এসেছে ‘নাকাব’-এ। একজন জনপ্রিয় টিভি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রধান সন্দেহভাজন বিবেচিত রহস্যময়ী এক নারী, টিভি সিরিয়াল জগতের সম্রাজ্ঞী হিসেবে পরিচিত জোহরা মেহরার চরিত্রে অভিনয় করেছেন মল্লিকা শেরওয়াত। তেমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত তিনি। বলিউডের সিনেমায় প্রায় একই ধাঁচের রোলে খোলামেলা শরীরে, দুঃসাহসী ইমেজে বারবার নিজেকে তুলে ধরতে গিয়ে হাঁপিয়ে ওঠা মল্লিকা ওয়েব সিরিজ ‘নাকাব’-এ সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং রোলে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য এর নির্মাতা গোষ্ঠীর কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আমি এমন একটি চরিত্রে নিজেকে তুলে ধরার সুযোগ পাব তা কখনো ভাবিনি। ওয়েব সিরিজটি আমাকে নতুনভাবে পরিচিত করেছে সবার কাছে। আজকাল দর্শক বিনোদনে ভিন্নমাত্রা নিয়ে আসছে ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম। যেখানে অনেক কিছুই অকপটে বলা যায়, তুলে ধরা যায়—যা বলিউডের সিনেমায় সম্ভব নয়। বিশেষ করে মূলধারার বাণিজ্যিক ছবিতে তো নয়ই। আমি ‘নাকাব’-এ আরেক বলিউড অভিনেত্রী এশা গুপ্তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। সে-ও অনেকদিন পর অভিনয়ে এসে বেশ ভালো করেছে।’