আওয়ামী লীগে ক্ষমতার দ্বন্দ্ব, তারা রাজনীতিতে নেই বললেই চলে -------------জি এম কাদের

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দীর্ঘদিন রাষ্ট্র-ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনীতিতে নেই বললেই চলে। ক্ষমতার দ্বন্দ্বে নানা গলদ আছে আওয়ামী লীগে। আবার বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে কারাগার থেকে বের হয়ে কোনো কথাই বলতে পারছেন না। বিএনপিতে নেতৃত্ব নিয়েও সংকট রয়েছে, রাজনীতির মাঠে দাঁড়াতে পারছে না দলটি। এমন বাস্তবতায় জাপার ভবিষ্যত্ উজ্জ্বল। তিনি গতকাল তার বনানী কার্যালয় মিলনায়তনে মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশের মানুষ নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলেছে, নির্বাচনের প্রতি মানুষ বিমুখ হয়ে পড়েছে। সরকারসমর্থিত প্রার্থীদের চাপে বিরোধী শিবিরের প্রার্থীরা নির্বাচনের মাঠে টিকতেই পারছেন না। টাকা ও পেশি শক্তির প্রভাবে দিশেহারা হয়ে নির্বাচনের মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক প্রার্থী। তিনি বলেন, জাপার মনোনয়ন নিয়ে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত লড়তে হবে। যারা মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে লড়াই করতে পারবে না, তাদের স্থান জাপায় হবে না। ভোট হচ্ছে অধিকার, তাই ভোটাধিকার নিশ্চিতে লড়াই করতে হবে। দেশের মানুষ তাদেরই পছন্দ করে যারা শেষ পর্যন্ত লড়াই করতে পারে। যারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় তারা দেশের মানুষের কাছে ঘৃণিত হিসেবে চিহ্নিত হয়ে থাকে। জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ ও অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।