মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে কৃষক হত্যা মামলায় মো. আজাদ নামে এক আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন আদালত। গতকাল মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উত্পল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. আজাদ মানিকগঞ্জ সদরের চর বেউথা এলাকার আজহার মিয়ার ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রি।
আদালত ও মামলার সূত্রে জানা যায় , মানিকগঞ্জ সদর উপজেলা আন্ধারমানিক গ্রামে বাড়ি পাশে গ্রিণ হ্যাচারির সামনে ২০১৪ সালের ১২ জানুয়ারি নিজের সরিষা খেতে বেড়া দিচ্ছিলেন কৃষক কালিচরণ মণ্ডল। এসময় মো. আজাদ তার কাছে দা চায়। এ নিয়ে মো. আজাদের সঙ্গে কথা কাটাকাটি হয় কৃষক কালিচরণ মণ্ডলের। পরে আজাদ কৃষক কালিচরণ মণ্ডলের হাতে থাকা দা কেড়ে নিয়ে তাকে (কালিচরণ) কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ এসে আজাদকে গ্রেফতার করেন।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইজীবী এটিএম শাহজাহান উচ্চ আদালতে আপিলের কথা জানান।