টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারীর ছয় মাস পরও অ্যান্টিবডি থাকে

কোভিড ভ্যাকসিন প্রথম ডোজ ও উভয় ডোজ গ্রহণ করেছেন এবং ভ্যাকসিন গ্রহণ করেননি এ ধরনের ৭৪৬ ব্যক্তির ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীর শরীরে ছয় মাস পরও কোভিড থেকে সুরক্ষা পাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ এন্টিবডি উপস্থিত থাকে। আর যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের মধ্যে ৫০ শতাংশের শরীরে প্রাকৃতিকভাবে ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষকের জরিপে এ তথ্য উঠে এসেছে। সিভাসুর ভিসি ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হয়।

গত মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই গবেষণা পরিচালিত হয়। গবেষণায় এন্টিবডির উপস্থিতি ও পরিমাণ নির্ণয় করা হয়। গবেষণাভুক্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন চট্টগ্রামে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স, রোগীর এটেন্ড্যান্ট, আউটডোর ও ইনডোর রোগী (কোভিডে আক্রান্ত হননি এমন), পরিচ্ছন্নতাকর্মী ও পোশাকশিল্প শ্রমিক। ৭৪৬ জনের মধ্যে ৩০ শতাংশ (২২৩ জন) প্রথম ডোজ গ্রহণকারী, উভয় ডোজ গ্রহণকারী ৩১ শতাংশ (২৩১ জন) ও ভ্যাকসিন গ্রহণ করেনি ৩৯ দশমিক ১৪ শতাংশ।

গবেষণায় দেখা গেছে, প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে ৬২ দশমিক ৩৩ শতাংশের দেহে এন্টিবডি শনাক্ত হয়েছে। উভয় ডোজ গ্রহণকারীদের মধ্যে ৯৯ দশমিক ১৩ শতাংশের মধ্যে এন্টিবডি শনাক্ত হয়েছে। আর ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের মধ্যে ৫০ শতাংশের শরীরে প্রাকৃতিকভাবে ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি পাওয়া গেছে।

এছাড়া যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের শরীরে প্রাকৃতিকভাবে ভাইরাসের বিরুদ্ধে যে পরিমাণ এন্টিবডি তৈরি হয়েছে এর চেয়ে গড়ে প্রায় তিন গুণ বেশি এন্টিবডি তৈরি হয়েছে যারা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের দেহে। আর পাঁচ গুণ বেশি এন্টিবডি পাওয়া গেছে যারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

প্রথম ডোজ গ্রহণের পর প্রথম মাসে গড়ে যে পরিমাণ এন্টিবডি দেহে বিদ্যমান থাকে তার প্রায় ২৫ শতাংশ হ্রাস পায় দ্বিতীয় মাসে এসে। কিন্তু দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর এন্টিবডির পরিমাণ সময়ের সঙ্গে হ্রাস পাওয়ার প্রবণতায় ভিন্নতা দেখা গেছে।