কাঁচপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ পুলিশসহ ২০ জন আহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

গতকাল বুধবার সোনারগাঁয়ের কাঁচপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিনহা গার্মেন্টসের শ্রমিকরা। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে টিয়ার গ্যাস ও পরে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এক পর্যায়ে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষে ২জন পুলিশসহ ২০জন শ্রমিক আহত হন বলে জানা গেছে। রাত ৯টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

জানা যায়, গতকাল সকালে তাদেরকে বকেয়া বেতন দেওয়ার কথা বলেছিল মালিক পক্ষ। বিকেল পর্যন্ত অপেক্ষা করে বেতন না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় শিল্প পুলিশের সাথে প্রথমে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সড়ক থেকে অবরোধকারীদের সরানোর চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পুলিশ তখন ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ সুপার জায়েদুল আলম জানান, শিল্প পুলিশ ও জেলা পুলিশ অবরোধ তুলে নিতে বললে শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে প্রথমে টিয়ার গ্যাস ও পরে প্রায় ৫০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

অবরোধে অংশ নেওয়া শ্রমিক রায়হান, আমীর, নোমান জানান, সকালে মালিকপক্ষ থেকে তিন মাসের বকেয়া বেতন দেওয়ার কথা বলা হয়েছিল। তাই সকাল থেকে আমরা বকেয়া বেতনের জন্য অপেক্ষা করছিলাম। বিকেল পর্যন্ত মালিক পক্ষের কোন সাড়া না পেয়ে রাস্তা অবরোধ করেছি।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা করা হয়। সোনারগাঁ থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, মারমুখি শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। তবে শ্রমিকদের দাবি পুলিশের আক্রমনে ২০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনই গুলিবিদ্ধ। তবে শ্রমিকরা তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।