র্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জে এক নারীসহ ২ মানব পাচারকারী গ্রেফতার হয়েছে। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি ভূমি পল্লী এলাকায় অভিযান চালিয়ে শেফালী (৫০) ও মামুন (৩৫) নামে এ দুজনকে গ্রেফতার করে র্যাব-১১। এ সময় পাচার করার উদ্দেশ্যে আনা ২২ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করেছে র্যাব। গতকাল রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মানব পাচারকারী চক্রের সদস্য শেফালী বেগম দীর্ঘদিন নারায়ণগঞ্জে বিভিন্ন আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্যামিলির ছদ্মবেশে পতিতাবৃত্তির ব্যবসা করে আসছিল। দেশের বিভিন্ন জেলা থেকে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মাধ্যমে তরুণী মেয়েদের অধিক বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে এসে জিম্মি করে জোরপূর্বক তাদের অসামাজিক (পতিতাবৃত্তি) কাজ করতে বাধ্য করত সে। গ্রেফতারকৃত শেফালী ও মামুনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।