দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নির্ধারিত একটি বৈঠক বাতিল করা হয়েছে। বৈঠকে আফগানিস্তানের ক্ষমতা দখলকারী তালেবান প্রতিনিধিত্ব করবে কি না—এই প্রশ্নে মতবিরোধ দেখা দেওয়ায় বৈঠকটি বাতিল করা হয়েছে বলে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী শনিবার বৈঠকটি হওয়ার কথা ছিল। পাকিস্তান চেয়েছিল বৈঠকে তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবে। কিন্তু ভারত এবং জোটের অন্য সদস্য দেশ তাতে আপত্তি জানায়। বিষয়টি নিয়ে মতৈক্য না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠক বাতিল করা হয়েছে। এবারের বৈঠকের আয়োজক ছিল সার্কের চেয়ার নেপাল। সাধারণত প্রতিবারই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে সার্কের মন্ত্রী পর্যায়ের এ বৈঠক হয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, নেপাল লিখিতভাবে জাতিসংঘে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধি গোলাম ইসহাকজাইকে আশ্বস্ত করেছে যে, পাকিস্তানের দাবি খারিজ করা হয়েছে। ভারতীয় এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ঐ বৈঠকে তালেবানকে যুক্ত করতে জোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান। কিন্তু অন্য কোনো সদস্য দেশ তাতে সম্মত হয়নি, যে কারণে বৈঠকটি বাতিল হয়েছে।
খবরে বলা হয়েছে, আফগান জনগণের প্রতিনিধি হিসেবে তালেবানকে এখনো স্বীকৃতি দেয়নি ভারত। যদিও নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার একটি চিঠি পাঠিয়েছেন। জাতিসংঘের একটি কমিটি এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
অন্যদিকে কাবুলে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তা ও সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন চীন, রাশিয়া ও পাকিস্তানের বিশেষ দূতরা। সেখানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে এক শীর্ষ চীনা কর্মকর্তা গতকাল জানিয়েছেন।