বর্তমান সরকারের আমলে কৃষি উত্পাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। প্রতি শতাংশ জমিতে এখন এক মণ ধান উত্পাদিত হচ্ছে। গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন : কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আরো বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃষিপণ্যের বাজার বিস্তৃত করতে হবে। সেজন্য শিল্পায়নের সঙ্গে কৃষির সম্পর্ক আরো বাড়াতে হবে। বিএনপির রাজনীতির বিষয়ে তিনি বলেন, জামায়াত ও জঙ্গিদের সঙ্গে নিয়ে বিএনপি কখনো ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা সবকিছু বুঝতে পারে। তাই ভুল শুধরে নিতে পারলে বিএনপি এখনো ভালো বিরোধীদল হতে পারবে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
পরিকল্পনা মন্ত্রী বলেন, কৃষিকে গুরুত্ব দিয়েই বঙ্গবন্ধু শেষ দিকে বাকশাল গঠন করেছিলেন। অনেকে বাকশালকে ভয়ংকর কিছু মনে করেছেন। আমি বাকশালের সমর্থক। বঙ্গবন্ধুকে হত্যার জন্যই সে সময় বাকশালকে খারাপ করা হয়েছে। প্যানেল আলোচক হিসেবে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভুঁইয়া ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. বিনায়ক সেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের প্রধান মো. মফিদুল ইসলাম।