সাম্প্রতিক

ঘরে ঘরে মীনা বেড়ে উঠুক

মীনা একটি কালজয়ী সাহসী মেয়ের গল্প। বাল্য বিয়ে, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশুশ্রম রোধ প্রভৃতি বিষয়ে সচেতনতার  বার্তা পৌঁছানোর এক মূর্ত প্রতীক মীনা। প্রতি বছর ২৪ সেপ্টেম্বর ‘মীনা দিবস’ হিসেবে  পালন করা হয়। শিশুদের অধিকার রক্ষার সচেতনতা বাড়াতে ১৯৯৮ সাল থেকে ২৪ সেপ্টেম্বর মীনা দিবস পালিত হয়ে আসছে।

মীনা প্রাণপ্রাচুর্যে ভরপুর একটি মেয়ে, যে সব ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে। হোক তা তার স্কুলে যাওয়ার বিষয়ে অথবা শিশুদের বিরুদ্ধে যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে। মূলত মীনা একটি কার্টুন সিরিজ। সমাজে মেয়েদের সঙ্গে অন্যায়-অত্যাচার রোধের জন্য মেয়েদের প্রতিবাদী ও আত্মসচেতন করার লক্ষ্যে ইউনিসেফের তত্ত্বাবধানে এই সিরিজটি তৈরি করা হয়। কার্টুনের কেন্দ্রীয়  চরিত্রটি হচ্ছে আট বছর বয়সের এক কন্যাশিশু। এই চরিত্রের মাধ্যেই শিশুদের অধিকার, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন এবং শারীরিক ও মানসিক ভাবে বেড়ে ওঠার সমস্ত  চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। শিশুদের ওপর প্রভাব বিস্তারকারী প্রধান বিষয়গুলো সামাল দিতে পারার কারণে মীনা চরিত্রটি লাভ করেছে অসাধারণ জনপ্রিয়তা।

প্রতিবাদী শিশুকন্যা মীনা যে  কি না কেউ বিপদে পড়লে সবার আগে রুখে দাঁড়ায়। তাই বাংলার ঘরে ঘরে মীনার বেড়ে ওঠা দরকার। কেবল মীনাই পারে অন্যায়-অত্যাচার, নারী সহিংসতা, জেন্ডার বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কেবল মীনাই পারে বাল্যবিবাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। পারে যৌতুক প্রথা ভেঙে সামনের দিকে অগ্রসর হতে।

আবির হাসান সুজন