পৃথিবীর সব ধর্মে মানবসেবাকে মর্যাদাপূর্ণ স্থান দেওয়া হয়েছে। বিশেষ করে, ইসলাম ধর্মে স্বেচ্ছাসেবাকে বেশি গুরুত্ব দিয়েছে। স্বেচ্ছাসেবা ও মানুষের উপকার করা একজন মুমিনের অন্যতম গুণ। স্বেচ্ছাসেবীরা সমাজের বন্ধু ও পরম হিতৈষী। চলমান করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব যখন আক্রান্ত। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন ব্যাহত। তখন মানবতার সেবায় বিশ্বব্যাপী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন স্বেচ্ছাসেবকরা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, লকডাউনে অসহায় হতদরিদ্র মানুষের খাদ্যসহায়তা নিশ্চিত করাসহ বিভিন্নভাবে কাজ করে চলেছে তারা।
মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে স্বেচ্ছাসেবার গুরুত্ব বোঝাতে এটিকে নিজের জন্যই কল্যাণকর হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি সুরা বাকারার ১৮৪ নম্বর আয়াতে বলেন, ‘যে ব্যক্তি স্বেচ্ছায় সত্কর্ম করে, তা তার জন্য কল্যাণকর।’ অর্থাত্ আয়াতটি দ্বারা তিনি স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। আল্লাহ তায়ালা আরো একটি আয়াতে স্বেচ্ছাসেবীরা সফল হবে উল্লেখ করে বলেছেন, ‘হে মুমিনরা, তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সত্কাজ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। (সুরা হজ, আয়াত :৭৭)
এজন্য আমাদের সব সময় জনকল্যাণমুখী কাজ করতে হবে। তার ধারাবাহিকতায় আমরা বৃক্ষরোপণ করতে পারি। এটি একটি উত্তম সেবা ও সওয়াবের কাজ। আল্লাহর রসুল (সা) বলেন, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা শস্য জন্মায় অতঃপর তা থেকে কোনো মানুষ, পাখি বা পশু (ফল-ফসল) ভক্ষণ করে তাহলে সেটি তার জন্য সদকাস্বরূপ গণ্য হবে।’ আবার দেখি বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা বা প্রসূতি মায়ের জন্য রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের জীবন বাঁচাতে রক্ত দিতে পারি। পাশাপাশি আমরা আমাদের চলাচলে রাস্তাঘাট সংস্কার করে সমাজের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারি। পৃথিবীতে আগত সব নবি-রসুল ও সাহাবির জীবন থেকে আমরা স্বেচ্ছাসেবার অনেক দৃষ্টান্ত পাই। আমরা কোরআন, হাদিসে দেখেছি, স্বেচ্ছাশ্রমে সাহাবারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এমনও দেখেছি খন্দকের যুদ্ধে সাহাবিদের সঙ্গে স্বয়ং রসুল (সা) পরিখা খননেও যোগ দিয়েছিলেন। সুতরাং আমাদের উচিত সব সময় সমাজ তথা দেশের জনকল্যাণমুখী সব কাজে নিজেদের সম্পৃক্ত করা। সমাজের বিভিন্ন প্রয়োজনে অকাতরে নিজেকে বিলিয়ে দেওয়া, যাতে করে এসব কাজের জন্য আমরা নিজেরা মনের দিক থেকে ভালো থাকতে পারি, আর মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করতে পারি।
লেখক :শিক্ষার্থী, সরকারি
বিএল কলেজ, খুলনা