নাটোরে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দিয়ারভিটা গ্রামস্থ পাওয়ারপ্ল্যান্ট ত্রিমোহনী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো—রানা প্রামাণিক, মামুন হোসাইন, খোকন হোসেন এবং বিষ্ণু সরকার।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দিয়ারভিটা গ্রামের পাওয়ার প্ল্যান্ট ত্রিমোহনী মোড় এলাকা থেকে ছিনতাইয়ের জন্য অপেক্ষমাণ চার জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি হাসুয়া, দুটি চাকু, একটি চায়নিজ কুড়াল, দুটি ক্ষুর, একটি চাকু জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।