রাঙ্গামাটি হাসপাতালে করোনা ইউনিটের উদ্বোধন
রাঙ্গামাটি প্রতিনিধি রাঙ্গামাটি সদর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন সাপোর্ট কার্যক্রম ও ২৫ শয্যাবিশিষ্ট করোনা ইউনিটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাইফ্লো অক্সিজেন সাপোর্ট কার্যক্রম ও ২৫ শয্যাবিশিষ্ট করোনা ইউনিটের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসন, আঞ্চলিক পরিষদ সদস্য হাজি কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। মুজিববর্ষ পালন উপলক্ষ্যে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে ফলদ বনজ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ সময় প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত বাবু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউপি কমপ্লেক্স ভবন উদ্বোধন
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা রায়পুর উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভবনগুলোর নাম ফলক উন্মোচন ও উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা আটোয়ারীতে গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান গ্রাম পুলিশদের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন।
পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি মিঠাপুকুর এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
চিত্রা থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি নড়াইলের নাট্যসংগঠন চিত্রা থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে চিত্রা থিয়েটার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা নড়াইল শহরে শোভাযাত্রা বের করে। এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সভাপতি মলয় কুণ্ড, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ।