সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে শরিয়াহ্ সূচক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামের পাশাপাশি কমেছে সব কটি মূল্যসূচক। সেই সঙ্গে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১৪৫টি শেয়ার ও ইউনিটের। বিপরীতে ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে বাকি ৪৫টির। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৫০ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ্ ১ পয়েন্ট কমে ১ হাজার ৫৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে। গতকাল শেয়ারবাজারে লেনদেন হয়েছে ১ হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ২৯৮ কোটি ২৬ লাখ টাকার।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৭৭ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ডেলটা লাইফ ইনসিওরেন্স, এসএস স্টিল, আলিফ ম্যানুফ্যাকচারিং, প্যারামাউন্ট টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, অ্যাকটিভ ফাইন এবং সাইফ পাওয়ার টেক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১১ পয়েন্ট। এই বাজারে লেনদেন হয়েছে ৫০ কোটি ৮১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।