বিদেশে পাঠানো হবে হাসান মাহমুদকে

গত মার্চে নিউজিল্যান্ড সফরে একটি ওয়ানডে খেলেই দেশে ফিরেছিলেন হাসান মাহমুদ। প্রতিভাবান এ তরুণ পেসার তারপর থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে। ইনজুরি যেন অভিশাপ হয়েই ধরা দিয়েছে হাসানের ক্যারিয়ারে। প্রায় ছয় মাস কেটে গেলেও পিঠের নিচের দিকে ফ্যাসিট জয়েন্ট ইনজুরি পিছু ছাড়ছে না তার।

তাকে সারিয়ে তুলতে বিশ্রাম, রিহ্যাবসহ সব চেষ্টাই করেছে বিসিবির মেডিক্যাল বিভাগ। সুরাহা হয়নি, সুস্থ হননি এ ডানহাতি পেসার। অবশেষে হাসানকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করা হবে দ্রুতগতির এ পেসারের। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিদেশে যাবেন হাসান। জানা গেছে, জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো এ তরুণ পেসারকে পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় যেতে।

হাসানের ইনজুরি নিয়ে গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা মনে করছি ওর (হাসান মাহমুদ) একটা যথাযথ বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্ট দরকার। যেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সম্ভব না। এখন চেষ্টা করছি বিদেশে যেখানে এই সুযোগ-সুবিধাগুলো আছে সেখানে পাঠিয়ে ওর ফুল অ্যাসেসমেন্ট করাতে। আমরা দুই-তিন জায়গায় কথা বলছি। আশা করছি, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে আমরা ওকে দেশের বাইরে কোথাও পাঠাতে পারব।’

এদিকে ইনজুরি কাটিয়ে পূর্ণ ছন্দে বোলিং করছেন পেসার আল-আমিন হোসেন। কয়েক মাস আগে পায়ে অপারেশন হয়েছিল তার। আগামী মাসে জাতীয় লিগেও খেলতে পারবেন তিনি।