খুলনায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। অপরদিকে গাজীপুরে বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছে। গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটে। ব্যুরো অফিস ও প্রতিনিধির পাঠানো খবর-
খুলনা: লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রবিবার রাত সোয়া ১১টার দিকে একটি প্রাইভেটকার রূপসা সেতু এলাকা থেকে আসছিল। অপরদিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে আরেকটি দ্রুতগামী ট্রাক রূপসা সেতুর দিকে যাচ্ছিল। দু’টি গাড়ি যখন লবণচরা থানা এলাকার খাজুর বাগান অতিক্রম করছিল, তখন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সেটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিনযাত্রী ও দুইজন পথচারী নিহত হয়। রাত পৌনে ১২টা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। গতকাল গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাকের আইএস মার্কেট এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. জনি মিয়া (২০), মোতাহার আলীর ছেলে মাহফুজ আহমেদ (২১) ও সামসুল হকের ছেলে মো. রাজা বাবু (২৩)। সাভারের নবীনগর থেকে গাজীপুরগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। বাসের চালক জামাল পাশাকে আটক করা হয়েছে।