সোনারগাঁওয়ে ১০ গ্রামের বাসিন্দার কষ্ট লাঘবে সাঁকোর বদলে তৈরি হচ্ছে পাকা সড়ক। গতকাল উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর থেকে মনাইয়েরকান্দি গ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষায় পাকা সড়ক নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করায় এলাকাবাসীর মনে খুশির বন্যা বইছে।
পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে এ সড়ক হচ্ছে। গতকাল পিরোজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় এ সড়ক নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত্ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর, মনাইয়েরকান্দি, চেঙ্গাকান্দি, ছহিস্যাসহ প্রায় ১০টি গ্রামের লোকজন ও চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপার হতো। এই সড়ক নির্মিত হলে কয়েক হাজার গ্রামবাসীর জনদুর্ভোগ লাঘব হবে। ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, ‘আমার ইউনিয়নের একটি এলাকাও উন্নয়নবঞ্চিত থাকবে না। প্রধানমন্ত্রীর উন্নয়নকে ত্বরান্বিত করতে সরকারি অনুদানসহ নিজস্ব অর্থায়নে পিরোজপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী তানভীর প্রমুখ।