বঙ্গবন্ধুর বই পড়া নিয়ে দেশ জুড়ে কর্মসূচি

উদ্বোধন করা হলো মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে তিন মাসব্যাপী বঙ্গবন্ধুর বই পড়া কর্মসূচি। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি পাঠ করে শিক্ষার্থীরা লিখিতভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়ে এ কার্যক্রমে অংশ নেবেন। গতকাল এ ধারাবাহিক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহবাগের গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, এমপি। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধি মো. শাহনেওয়াজ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে পাঠ-কর্মসূচি বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হবে। সভায় কর্মসূচির বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য বিশিষ্ট মুক্তিযুদ্ধ গবেষক মফিদুল হক।