রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি ডলার দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মানবিক সংকট মোকাবিলায় মিয়ানমারের ভেতরে এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে প্রায় ১৮ কোটি মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড এই ঘোষণা দেন। তিনি বলেন, এই সহায়তার ১৫ কোটি ৮ লাখ মার্কিন ডলার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রদান করা হবে।

তিনি বলেন, ‘গত কয়েক দশক ধরে রোহিঙ্গারা নির্মম নিষ্ঠুরতা যেমন—নির্যাতন, ধর্ষণ, গণহত্যা, অগ্নিসংযোগের শিকার হচ্ছে। মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নিজ দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ ও সে দেশের জনগণ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে অনেক বড় দায়িত্ব পালন করছে। এসব রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে চূড়ান্ত লক্ষ্য অর্জনে আমরা বাংলাদেশের পাশে আছি।’

তিনি বলেন, ‘আমরা মিয়ানমারে সহিংসতা বন্ধ করে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য সে দেশের সামরিক জান্তার ওপর চাপ অব্যাহত রেখেছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই রোহিঙ্গা-সংকটের টেকসই সমাধানে পদক্ষেপ নেওয়া উচিত।’ তিনি আরো বলেন, ‘নিপীড়নের মুখে প্রায় ৯ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমরা তাদের এই দুর্দশা এড়িয়ে যেতে পারি না। এই সহায়তা রোহিঙ্গাদের নিরাপত্তা, খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় এবং স্বাস্থ্যসেবার কাজে ব্যয় করা হবে।’

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস অন্যান্য দেশকেও আর্থিক সহায়তার ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশের সৌজন্যে আয়োজিত ‘হাই লেভেল সাইড ইভেন্ট অন ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার রোহিঙ্গা ক্রাইসিস :ইমপারেটিভ ফর এ সাসটেইনেবল সলিউশনস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।