মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের সময় তার সঙ্গে শোভনীয় আচরণ না করলে ‘ওয়াক আউট’ (সংবাদ সম্মেলন ত্যাগ) করবেন তিনি। সমপ্রতি হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের সময় সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন এই প্রেসিডেন্ট। সেই ঘটনার জেরে জিমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ ঘোষণা করে হোয়াইট হাউস। এর প্রতিবাদে ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা করে সিএনএন। সেই মামলায় জয়ী হয় সিএনএন। তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের হুমকি দিলেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, আদালত যে সিএনএন সাংবাদিকের প্রেস পাস ফিরিয়ে দিতে বলেছে এটা নিয়ে হৈ চৈয়ের কিছু নেই। কার জয় হলো আর কার পরাজয় হলে এটা নিয়ে পড়ে থাকলে চলবে না। সাংবাদিকদের উদ্দেশে বলছি সবাইকে নিয়ম নীতি মানতে হবে। যদি কেউ না মানে তাহলে আমরা আদালতে যাবো। এর থেকে বড় কথা কেউ তা না শুনলে আমরা সংবাদ সম্মেলন বন্ধ করে দিব। এতে নিশ্চই আপনারা কেউ খুশী হবেন না। এখন থেকে আপনারা তিন চারটার বেশী প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করতে দাঁড়াবেন কিন্তু আর বসবেন না এমনটা চলতে দেয়া হবে না। অনেকে প্রশ্ন করতে দাঁড়ান গায়ে পড়ে ঝগড়া লাগানোর জন্য। এগুলো খুবই আপত্তিকর বলে ট্রাম্প মন্তব্য করেন।
উল্লেখ্য, সিএনএনের প্রতিবেদক জিম অ্যাকোস্টার হোয়াইট হাউসে সাময়িকভাবে প্রবেশাধিকার ট্রাম্প প্রশাসন কেড়ে নেওয়ার পর আদালতের নির্দেশে তিনি সেটা ফিরে পেয়েছেন। শুক্রবার অ্যাকোস্টার পক্ষে ফেডারেল বিচারপতি টিমোথি জে কেলি সাময়িকভাবে এ প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
ইত্তেফাক/আরকেজি