এই সময়ের ছড়া

এই চোরেরা

 

মাটি খুঁড়ে সিঁধেল চোরা

করে থাকে চুরি

গাঁও-গেরামে উদাহরণ

আছে ভূরি ভূরি।

 

সিঁধেল চোরা পার পেয়ে যায়

কখনো খায় ধরা

বাঁশডলা দেয় গাঁয়ের মানুষ

যায় হয়ে আধমরা।

 

নানান রকম লোভ দেখিয়ে

হাজার কোটি টাকা—

হচ্ছে চুরি, অভাবীদের

আশায় আশায় রাখা।

 

ধরা পড়ে, জেল-জামিনে

মাসের পরে মাস

যায় কেটে যায়, এই চোরেরা

এমএ বিএ পাশ।