তালতলীতে বজ্রপাতে জেলের মৃত্যু

তালতলী (বরগুনা) সংবাদদাতা

তালতলী উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন মৃধা (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার হুলাটানা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আনোয়ার বুছনা জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। এদিন সকালে ঐ জাল তুলতে বাড়ির উত্তর পাশে ডাঙ্গায় যায়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, বজ্রপাতে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্থিক সহায়তা দেওয়া হবে।