দোষী কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা
বরিশাল অফিস
বিআরটিসি বরিশাল ডিপোর অনিয়ম তদন্ত পূর্বক দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে বরিশাল ডিপো পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চেয়ারম্যান বলেন, বরিশাল ডিপোর কিছু অনিয়ম-অব্যবস্থাপনার খবর তিনি পেয়েছেন। বিষয়টি যাচাই করতে তিনি গতকাল বরিশাল ডিপো পরিদর্শন করেছেন। যাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। বেসরকারি পরিবহন কোম্পানিগুলো ফুলেফেঁপে উঠলেও সরকারি পরিবহন সংস্থার দুরবস্থার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের গাফেলতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন বিআরটিসি চেয়ারম্যান। একই ব্যক্তির নামে একাধিক বাস লিজ নিয়ে নামমাত্র ইজারা জমা দেওয়ার বিষয়েও খতিয়ে দেখার কথা বলেন তিনি। আগে বিআরটিসি কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বেতন বকেয়া থাকলেও এখন প্রয়োজনে সাবসিডি দিয়ে মাসের প্রথম দিকে বেতন দেওয়া হচ্ছে।
চেয়ারম্যান আরো বলেন, বিআরটিসিতে আড়াই হাজার জনবল শূন্যতা রয়েছে। ২০০৬ সালের পর কোনো চালক নিয়োগ দেওয়া হয়নি। গুটি কয়েক ব্যক্তির অনিয়ম-দুর্নীতির দায় বিআরটিসি নেবে না। কেউ অনিয়মের চেষ্টা করলে ‘জিরো টলারেন্স’ নীতির মাধ্যমে তাদের কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, বিআরটিসির দুর্নীতি দমন করতে আমি অনেক বড় বড় ও কঠিন জায়গায় হাত দিয়েছি। আমি ধরে নিয়েছি এই দুনীতি রুখতে গিয়ে আমি হয়তো আগামীকাল নাও থাকতে পারি। কিন্তু আমি কোনো কারণে পিছপা হবো না। বরিশাল ডিপোর কিছু অনিয়ম আমাদের নিকট অভিযোগ আকারে এসেছে। আমাদের সচিব মহোদয় গত সপ্তাহে বরিশাল ডিপো পরিদর্শন করেছেন। তিনি আমাকে কিছু দিক-নির্দেশনা দিয়েছে। তার দিক-নির্দেশনারা পরিপেক্ষিতে আমি দ্রুত এসেছি। তিনি বলেন, আমরা অনিয়মের অনুসন্ধান চালাচ্ছি। সবকিছু কাটিয়ে দ্রুত বরিশাল বিআরটিসিকে একটি নতুন রূপ দিব আমরা।