ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইতালি সফর করার জন্য অনুমতি দেয়নি দেশটির কেন্দ্রীয় সরকার। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব চিঠি দিয়ে জানিয়েছেন, যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই অনুষ্ঠানটি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে।
প্রসঙ্গত, আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতালির একটি বেসরকারি সংগঠন ঐ কর্মসূচির আয়োজক। তারা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে। তাদের সঙ্গেই আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকেও। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। সে অনুসারে তার সফরসূচিও চূড়ান্ত করা হয়। ভবানীপুরের উপনির্বাচনের পর রোম সফরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার।
তৃণমূলের একটি অংশ মনে করছে, এর পেছনে ‘রাজনৈতিক কারণ’ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের ঠিক পরেই মমতা ইউরোপ সফরে গেলে তা ‘তাত্পর্যপূর্ণ’ হবে। বিশেষত, যখন সেই কর্মসূচিতে মমতার সঙ্গেই থাকবেন পোপ ফ্রান্সিস। থাকার কথা রয়েছে কায়রোর গ্রেট ইমামেরও। তাদের উপস্থিতিতে মমতা রাজনৈতিকভাবে দেশের বর্তমান ক্ষমতাসীন দলকে বিভিন্ন কারণে আক্রমণ করলে তা সরকারের জন্য ‘বিড়ম্বনা’ তৈরি করবে। সে কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ মুহূর্তে মমতাকে আটকে দিয়েছে।
বিজেপি সভাপতিকে জেড
ক্যাটাগরির নিরাপত্তা
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। হিন্দুস্তান টাইমসের বাংলা অনুলাইনের খবরে বলা হয়েছে শনিবার থেকেই বাড়তি নিরাপত্তা পাবেন তিনি। গত সোমবার রাজ্য বিজেপির সভাপতি নিযুক্ত হন সুকান্ত। তার পরই তার নিরাপত্তা বাড়ানোর আলোচনা শুরু হয়। বালুরঘাটের এমপি হিসেবে এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি। জেড ক্যাটাগরিতে তার নিরাপত্তায় মোতায়েন থাকবেন ৩৫ জন রক্ষী।