করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার মধ্যে এগিয়ে বাংলাদেশ --------- মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সবাইকে মুগ্ধ করেছে। তিনি তার ভাষণে বাংলাদেশের সামগ্রিক বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে। গতকাল শনিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক ও নার্সদের ট্রেনিংকেন্দ্র, টিবি রোগ নিরাময়কেন্দ্র উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

মিলার আরো বলেন, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্যনিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখ হাসিনার ভাষণে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এদেশের অর্থনীতি পুনরুদ্ধারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফল। এ সময় উপস্থিত ছিলেন কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক সাজেদা খাতুন প্রমুখ।

পরে রাষ্ট্রদূত ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের পরিচালক আফতাব-উল-ইসলাম মঞ্জুর কুমিল্লা নগরীর মগবাড়ি এলাকার বাসভবনে যান। সেখানে কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কুর নেতৃত্বে সিটির কর্মকর্তারা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।