সিরাজগঞ্জে পিকআপ চাপায় ২ শ্রমিক নিহত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় পিকআপ চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। রবিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সয়দাবাদ ইউনিয়নের জারিলা পোড়াবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও আনোয়ার শেখের ছেলে শামীম (৩২)।

 

জানা গেছে, সিরাজগঞ্জ পাওয়ার প্ল্যান্টের ৬ থেকে ৭ জন শ্রমিক বাড়ি ফেরার পথে সয়দাবাদ এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান বেপরোয়াভাবে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর ও শামীম ঘটনাস্থলেই নিহত হন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করার চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/এএম