সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে :শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোথাও যদি আমরা মনে করি, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে, প্রয়োজন হলে সেগুলো আমরা বন্ধ করে দেব। এখন পর্যন্ত কোথাও সেরকম কোনো পরিস্থিতি ঘটেনি। যদি কোথাও হয় আমরা অবশ্যই ব্যবস্থা নেব। গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মহামারি এখনো চলমান। যদিও শনাক্তের হার পাঁচের নিচে। কিন্তু মহামারি চলমান সারা দুনিয়ায়। কাজেই আমাদের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। কেউ না কেউ অসুস্থ হতেই পারে। বাড়িতে হতে পারে, যাতায়াতের পথে হতে পারে, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও হতে পারে। সেটি যেন না ঘটে এবং কোথাও ঘটলে আমরা যেন ব্যবস্থা নিতে পারি এ বিষয়ে সচেতন এবং দৃষ্টি রাখছি। মন্ত্রী বলেন, ‘মানিকগঞ্জে একজন শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সে মারা গেছে। আরেক শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণির এক জনের করোনা হয়েছে। আমরা তার ক্লাসের সবাইকে করোনার পরীক্ষা করিয়েছি। সেখান আর কারো মধ্যে করোনার উপসর্গ পাওয়া যায়নি।’ প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের এখনই ক্লাসে নেওয়ার কোনো পরিকল্পনা নেই এমনটিও জানান শিক্ষামন্ত্রী।