মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে

অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স (এবিবিএ) আয়োজিত বার্ষিক বিজনেস সামিটে এ আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে দুই দেশের ব্যাবসায়িক যোগাযোগকে শক্তিশালী করতে হবে। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় জসিম উদ্দিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু এবং বহুমুখী স্বার্থ উন্নয়নের অন্যতম অংশীদার। আমাদের অর্থনীতি, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তাদের অবদান রয়েছে। এ সম্পর্ক সুদৃঢ় করতে, মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সভা, সেমিনার, বাণিজ্য মেলা এবং বিজনেস নেটওয়ার্কিংয়ের জন্য একটি প্ল্যাটফরম চালুর আগ্রহ প্রকাশ করেন তিনি। এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, প্রবাসী বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি আমেরিকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান। এ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও এফবিসিসিআইর পরিচালক আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিবিএর সভাপতি এ কে এম ফজলুল হক।