সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে আত্মঘাতী হামলা, নিহত ৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে। জেলা পুলিশের প্রধান মুকাওয়ি আহমেদ মুডে সাংবাদিকদের বলেন, ওই হামলায় আরো আটজন আহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী আল সাবাব এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়া একটি গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ব্যস্ত চেক পয়েন্টের কারণে ওই গাড়িবহর যখন থেমে ছিল, তখন এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, চেক পয়েন্টের কাছে এক গাড়িচালককে নিরাপত্তা পরীক্ষা করার জন্য পুলিশ থামায়। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘চেক পয়েন্ট দিয়ে পার হওয়ার সময় পুলিশ সাধারণত সব গাড়ি থামিয়ে পরীক্ষা করে। নিরাপত্তারক্ষীরা একটি গাড়ি থামায় এবং সেটি চলেও যায়। এ সময় আশপাশে অনেক গাড়ি ও মানুষ ছিল। মুহুর্তেই সব ওলটপালট হয়ে গেল। বিস্ফোরণের পর আমি হতাহত অনেক মানুষকে নিয়ে যেতে দেখেছি।’ বিস্ফোরণে সাতটি গাড়ি ধ্বংস হয়েছে। এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে মোগাদিসুর সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে আরেকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। তবে ঐ ঘটনায় কেউ হতাহত হননি। সোমালিয়ায় আল-সাবাব প্রায়শই এ ধরনের হামলা চালিয়ে থাকে।