মির্জাপুরে রাস্তা দখল করে গাড়ি পার্কিং

যানজটে অতিষ্ঠ মানুষ

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

রাস্তা দখল করে লরি ও মালবাহী ট্রাক পার্কিং করে রাখায় মির্জাপুরে গোড়াই-সখীপুর রোডে প্রতিনিয়ত ঘণ্টার পর ঘণ্টা যানজট সৃষ্টি হচ্ছে।

রবিবার গোড়াই-সখীপুর রোডে গিয়ে দেখা গেছে, গোড়াই বাস স্টেশন থেকে সৈয়দপুর ও হাঁটুভাঙ্গা বংশাই ব্রিজ পর্যন্ত তীব্র যানজট। এই রোডে নিয়মিত চলাচলকারী যাত্রী ও বাঁশতৈল মো. খলিলুর রহমান ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. হাফিজুর রহমান এবং হাঁটুভাঙ্গা বাজারের কাঠ ব্যবসায়ী মো. ছানোয়ার হোসেন অভিযোগ করেন, গোড়াই-সখীপুর-ঢাকা রোড একটি ব্যস্ততম সড়ক।

মির্জাপুর, সখীপুর, ঘাটাইল, বাসাইল ও মধুপুর উপজেলাসহ পার্শ্ববর্তী জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও গাজীপুর জেলার শতশত যানবাহন এ রোড দিয়ে রাজধানী ঢাকায় চলাচল করে আসছে। এই রোডের গোড়াই ও সৈয়দপুর এলাকায় চার কিলোমিটারের মধ্যে ৮-১০ টি কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার লরি ও মালবাহী ট্রাক রাস্তা দখল করে প্রতিনিয়ত পার্কিং করে যাচ্ছে।

আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর ইসলাম সিকদার বলেন, জনগণের ভোগান্তি দূর করতে রাস্তার ওপর অবৈধ পার্কিং না করা এবং রাস্তার পাশে হাটবাজার না বসিয়ে খোলা স্থানে হাটবাজার বসানোর জন্য প্রশাসনের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন।

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আমিনুল কবির বলেন, গোড়াই-সখীপুর রোডে রাস্তা দখল করে অবৈধ পার্কিং ও হাটবাজার বসানোর কোনো অনুমোদন নেই। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন বলেন, গোড়াই-সখীপুর রোডে রাস্তা দখল করে যারা অবৈধ পার্কিং করে জনগণের ভোগান্তি সৃষ্টি করছে, এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।