বাড়ির আঙিনা থেকে ১০ গাঁজাগাছসহ আটক ১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে বাড়ির আঙিনায় চাষ করা ১০টি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব গাঁজাগাছ জব্দ করা হয় এবং গাঁজাচাষি আমিনুল ইসলামকে আটক করা হয়।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার জানান, চর কামারিয়া গ্রামের আমিনুল তার বাড়ির আঙিনায় সবজিবাগান করে। ঐ বাগানে গাঁজার চাষ করে এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় চাষ করা ১০টি গাঁঁজাগাছ (সাড়ে ৬ কেজি) জব্দ করা হয় এবং আমিনুলকে আটক করা হয়। এ ঘটনায় গফরগাঁও থানার এসআই মঞ্জুর রহমান বাদী হয়ে মাদক আইনে গফরগাঁঁও থানায় মামলা দায়ের করেছে। আমিনুল ইসলামকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়।