ছয় প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

নকল প্রসাধনী ও অস্বাস্থ্যকর খাবার

বিশেষ প্রতিনিধি

পুরান ঢাকার চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় নকল প্রসাধনী ও অস্বাস্থ্যকর খাবার উত্পাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও অস্বাস্থ্যকর খাবার জব্দসহ ছয় প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল  র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলা ঐ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

র্যাব-১০ ও বিএসটিআইয়ের প্রতিনিধি দলের সহযোগিতায় চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় নকল প্রসাধনী, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উত্পাদন, মজুত ও বিক্রি করার অপরাধে আকিব অ্যান্ড ব্রাদার্সকে ৬ লাখ টাকা, হাজী আব্দুল মজিদ স্টোরকে ৫ লাখ টাকা, অপর্না ট্রেডিং এজেন্সিকে ৩ লাখ টাকা, পারভেজ ফুড প্রোডাক্টকে ২৫ হাজার টাকা, হিমেল ফুড প্রোডাক্টকে ২০ হাজার ও তালহা ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকাসহ মোট ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ২ লাখ টাকার ভেজাল প্রসাধনী জব্দ করা হয়।

বেশ কয়েক দিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল প্রসাধনী ও অস্বাস্থ্যকর খাবার উত্পাদন, মজুত ও বিক্রি করে আসছিল বলেও জানান র?্যাবের এই কর্মকর্তা।