কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের কবল থেকে তিন জন ভিকটিমকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। উদ্ধারকৃতরা হলেন, নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া এলাকার মৃত হুমায়নের পুত্র আজিজুল ইসলাম, নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার লাকুপোড়া গ্রামের মৃত আশকর আলী সিকদারের পুত্র আল আমিন এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নোয়াগাও গ্রামের মৃত আব্দুল মোতালেব মৃধার পুত্র মো. মোক্তার হোসেন মৃধা। অপহরণকারী চক্রের সদস্যরা গত বৃহস্পতিবার কনস্ট্রাকশনের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের পাহাড়ে নিয়ে বন্দি করে এবং মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। ভিকটিম আজিজুল ইসলামের ভাই সায়েম এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং অপহূতদের উদ্ধারে র্যাবের সহায়তা কামনা করেন। তখন র্যাব-১৫ এর সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারী চক্রের অবস্থান নিশ্চিত করে শনিবার দুপুরে পাহাড়ে অভিযান চালিয়ে অপহূত তিন জনকে উদ্ধার করতে সক্ষম হন।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য জানিয়ে বলেন, অপহরণকারী চক্রের সদস্য পুতিয়া গ্রুপের প্রধান ছৈয়দ হোছন প্রকাশ পুতিয়া, এহসান, আলম, জুবায়ের, মিন্টু মিয়া, হাসান আহমদ, নুরুল ইসলাম মাঝি, সাইদুল ইসলাম প্রকাশ জালিয়া, হামিদ হোসেন প্রকাশ ভুতরা, মো. সালাম প্রকাশ চাকমারা, মো. ইসমাঈল, কামাল, মো. রাসেল, মো. ইউছুফ, করিম, মো. ইউনুছ, জাবের হোসেন এবং মো. হাশেম পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।