সমৃদ্ধ দেশ গঠনে শহিদ ময়েজউদ্দিনের মতো আদর্শ নেতা প্রয়োজন -------- বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শহিদ ময়েজউদ্দিনের মতো আদর্শ নেতা প্রয়োজন। শহিদ ময়েজউদ্দিন ও শহিদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুরের গণমানুষের নেতা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জন্মও এখানে। জাতীয় উন্নয়ন, অগ্রগতিতে তাদের গৌরবোজ্জ্বল অবদান সব সময় দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গতকাল রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শহিদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ‘গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শহিদ মোহাম্মদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে আলোচনাসভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতি ও শহিদ আহসানউল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি ও বাংলাদেশের খবরের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল-মামুন, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান প্রমুখ। শহিদ মোহাম্মদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া।

আজ ২৭ সেপ্টেম্বর শহিদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদত বার্ষিকী। তার কন্যা মেহের আফরোজ চুমকী এমপি শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আজ সব কর্মসূচি সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আকারে পালন করার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সব  নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।