সাউথ বাংলা অ্যাগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যানের ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে প্রতিষ্ঠানটির সাবেক এমডিসহ ৯ কর্মকর্তাকে গতকাল রবিবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রয়োজন হলে ব্যাংকের চেয়ারম্যান আমজাদ হোসেনকেও ডাকা হবে বলে জানিয়েছেন দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার। রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে দুদকের সচিব এসব কথা বলেন।
সচিব বলেন, ‘এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, গ্রাহকের অর্থ আত্মসাত্ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে এই জিজ্ঞাসাবাদ করা হয়। এরই মধ্যে ব্যাংকটির প্রয়োজনীয় রেকর্ডপত্র ও বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখার (বিএফআইইউ) প্রতিবেদনও সংগ্রহ করা হয়েছে। দ্রুত এই অনুসন্ধান শেষে ব্যবস্থা নেওয়া হবে।’ সাবেক এমডি মো. রফিকুল ছাড়া গতকাল যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন—এমটিও তপু কুমার সাহা, সিনিয়র অফিসার বিদ্যুত্ কুমার মণ্ডল, এফএভিপি ও অপারেশন ম্যানেজার মোহা. মঞ্জুরুল আলম, ভিপি ও শাখাপ্রধান এস এম ইকবাল মেহেদী, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার খালেদ মোশারফ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউল লতিফ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ মোল্লা, উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী।
দুদক সূত্র জানায়, আমজাদ হোসেনের বিরুদ্ধে এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান পদে থেকে তার নিজ প্রতিষ্ঠান ও কর্মচারীদের নামে ৪০ কোটি টাকা আত্মসাতের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে অনুসন্ধান টিম। এছাড়া তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনেরও তথ্য পাওয়া গেছে। ঐ সব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করতে গত ২২ সেপ্টম্বর ৯ জনকে তলব করে নোটিশ পাঠানো হয়। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।