মুনিয়ার মামলায় ফ্ল্যাট মালিকের আগাম জামিন

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি ইব্রাহিম আহমেদ রিপনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেয়। গুলশানে ভাড়াকৃত যে ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করা হয়েছিল, তার মালিক হচ্ছেন রিপন। রিপনের স্ত্রী শারমিন আক্তারকেও এই মামলায় আসামি করা হয়েছে। আদালতে রিপনের পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা যুথি ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান শুনানি করেন।

মিজানুর রহমান বলেন, এজাহারে রিপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়নি। এই গ্রাউন্ডে শর্ত সাপেক্ষে তাকে আগাম জামিন দিয়েছে। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং তদন্তকাজে সহযোগিতা করতে হবে।

মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ আট জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা করেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরুজা পারভীন গত ৬ সেপ্টেম্বর বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে তানিয়া ‘মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনার’ মামলা করেছিলেন বসুন্ধরার এমডির বিরুদ্ধে। পুলিশ ঐ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর ‘ধর্ষণ ও হত্যার’ অভিযোগ এনে আনভীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন মামলা করেন তিনি। এই মামলায় আনভীর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।