ইত্তেফাক রিপোর্ট
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, দুবাই ২০২০ এক্সপোতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ৫০ বছরের অর্জন তুলে ধরা হবে। ছয় মাসব্যাপী এ ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশের বিভিন্ন খাতের অর্জন, পণ্য, ধারণা উদ্ভাবন, জাতীয় ব্র্যান্ড, পর্যটন এবং ইতিহাস ব্যাবসায়িক পরিবেশ প্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করা হবে। অলিম্পিক গেমস, ফিফা ওয়ার্ল্ভ্র কাপের পরে তৃতীয় বৈশ্বিক ইভেন্ট হিসেবে ওয়ার্ল্ড এক্সপো মূলত বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি, বাণিজ্য সম্ভাবনা ও সংস্কৃতি বিশ্ববাসীর সামনে উপস্থাপনের সুযোগ হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, এক্সপো কর্তৃপক্ষ বাংলাদেশ ও বিশ্ব সম্প্রদায়ের জন্য দেশের ইমেজ বৃদ্ধিতে আগামী ৩ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অব পারসনস উইথ ডিজএবিলিটিস, ১৬ ডিসেম্বর কান্ট্রি ডে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান এবং ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে বিশেষ আয়োজন থাকবে। বাণিজ্যমন্ত্রী সোমবার ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দুবাই ২০২০ এক্সপো’-এ অংশগ্রহণ উপলক্ষ্যে আয়োজিত প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ এইচ এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।