বড়লেখায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

বড়লেখা উপজেলায় সোমবার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল হামিদের ছেলে সিয়াম (২) ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সামছুল ইসলামের ছেলে মাহের আহমদ (৩)।

হাসপাতাল, স্থানীয় বাসিন্দা এবং ঐ দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, সকালে সিয়াম ঘরে একা খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে উপজেলার সুজানগর ইউনিয়নে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় মাহের আহমদ। পরিবারের লোকজন পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক মাহের আহমদকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।