পার্বতীপুরে হত্যা মামলায় স্ত্রীসহ দুই জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার কথিত প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রবিবার বিকালে দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমদ ভুঞা এই রায় ঘোষণা করেন। দিনাজপুর কোর্ট ইন্সপেক্টর মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন পার্বতীপুর উপজেলার ফাহমিনা বেগম এবং একই উপজেলার মানিক রবিদাস ওরফে আর্ট মানিক। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ অক্টোবর পার্বতীপুর উপজেলা শহরের মুদি ব্যবসায়ী আবু ছালাম মোল্লার লাশ নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বড় ভাই আবু হোসেন মোল্লা বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি মামলা করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে ২১ জন সাক্ষী সাক্ষ্য দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রবিউল ইসলাম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হযরত আলী বেলাল।