ভ্রাম্যমাণ প্রতিনিধি
শৈলকুপা উপজেলায় পৃথক স্থানে সাপের কামড়ে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে তাদের সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। মৃতরা হচ্ছেন, উপজেলার রঘুনন্দনপুর গ্রামের আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে মোকাদ্দেস হোসেন (৬৫) ও দক্ষিণ মনোহরপুর গ্রামের আজগার আলির স্ত্রী রোক্সনা বেগম (৪৫)। মৃত মোকাদ্দেস হোসেনের ছোট ভাই হাবিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪ টার দিকে তার ভাই টয়লেটে যান। এ সময় তাকে সাপে কামড় দেয়। প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টার দিকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষাণা করে। নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর বলাই কুমার বিশ্বাস জানান, গৃহবধূ রোক্সনা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। রবিবার গভীর রাতে তাকে সাপে কামড় দেয়। স্বজনরা তাকে প্রথমে গ্রাম্য ওঝার কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।