মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, মেম্বার আটক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের ওপর হামলা করেছেন ইউপির দুই সদস্য (মেম্বার)। রবিবার রাত ৯টার দিকে লতা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই হামলার সময় ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য তাইজুল ইসলামকে লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। চেয়ারম্যান মিজানুর রহমান বাদী হয়ে তাইজুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য স্বপন চৌধুরী ছাড়াও অজ্ঞাতনামা দুই থেকে তিন জনের বিরুদ্ধে কাজীরহাট থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের সঙ্গে স্বপন চৌধুরী ও তাইজুল ইসলামের দীর্ঘদিন যাবত্ বিরোধ চলছে। ঐ দুই সদস্য এলাকায় মিজানুর রহমান নেহালের বিরুদ্ধে নানা ধরনের কুত্সা রটাচ্ছিলেন। সম্প্রতি মিজানুর রহমান নেহাল বিষয়টি জানতে পেরে ঐ দুই সদস্যকে কুত্সা রটাতে নিষেধ করেন। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

কাজীরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, চেয়ারম্যানের দায়ের করা মামলায় তাইজুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি স্বপন চৌধুরীকে গ্রেফতারের চেষ্টা চলছে।