দেশে দুর্নীতি রয়েছে এটা অস্বীকার করার কিছু নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশ থেকে দুর্নীতি তাড়াতে হবে হুঁশিয়ারি দিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধের চাপ অব্যাহত থাকবে। দেশ থেকে বিষফোড়া তাড়াতে হবে। কিন্তু কাউকে মারধর করে দুর্নীতি বন্ধ করা যাবে না। বিভিন্ন আইনকানুন দিয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার জলবায়ু-সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং এসডিজি বাস্তবায়ন-সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল রেজিলিয়েন্ট প্রোগ্রাম (এনপিআর) কর্মসূচির আওতায় তিন দিনের এ প্রশিক্ষণ কর্মশালা গতকাল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কাজের মানের সঙ্গে আপোষ করা যাবে না। মানসম্মতভাবে কাজ না করলে প্রকল্প বাস্তবায়ন করে লাভ নেই। আমাদের কাজ প্রকল্প আটকানো নয়। কিন্তু প্রকল্প অবশ্যই মানসম্মত হতে হবে। প্রকল্প মানুষের স্বার্থে নিতে হবে। আমরা চাই, দ্রুত কাজ হোক। তবে আইনকানুনের মধ্যে থেকে কাজ করতে হবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক এবং ইউএন ওমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং, বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম।
মূল প্রবন্ধে রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে যেসব তথ্য আছে, সেগুলো কাজে লাগতে হবে। এজন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দুটি প্রশ্নপত্র চূড়ান্ত করা হবে। যেমন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের নিরাপত্তা বিষয়ে প্রশ্নপত্র চূড়ান্ত করা হবে।
আতিকুল হক বলেন, সঠিক তথ্য সংগ্রহ, সক্ষমতা বৃদ্ধিতে এ কর্মশালা ভূমিকা রাখবে। আমরা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য রেসকিউ বোট তৈরি করেছি। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে তা তৈরি হচ্ছে। এই বোটে প্রতিবন্ধী, শিশু ও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।