মাধবপুরে বাসের ধাক্কায় ভাইবোনসহ নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া নামক স্থানে গতকাল সোমবার বাসের ধাক্কায় রোগীবাহী সিএনজিচালিত অটোরিকশা উলটে ভাইবোনসহ তিন যাত্রী নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। মাগুরায়  মা-মেয়েসহ অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় আরো সাত জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।

মাধবপুর (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের আন্দিউড়া নামক স্থানে বাসের ধাক্কায় রোগীবাহী সিএনজিচালিত অটোরিকশা উলটে ভাইবোনসহ তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩), মেয়ে শাহিনুর আক্তার রুপা (৭) ও বিজয়নগর উপজেলার মধু দাস (৩৫)। আহতরা হলেন বিলকিছ বেগম, জব্বার মিয়া, আব্দুল্লাহ, কবির মিয়া ও মাহমুদা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার অসুস্থ সন্তানকে ডাক্তার দেখানোর জন্য তার স্ত্রী দুই সন্তান ও ভাইসহ মাধবপুর হাসপাতালে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে সিলেটগামী যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ ও মধু দাস নিহত হন। আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক রুপাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা : সোমবার সকালে মাগুরা-শালিখা সড়কের মাগুরার শালিখা উপজেলার জুনারী নামক স্থানে যাত্রীবাহী রিকশাভ্যানের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত ও অন্য দুই যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন শরিফা খাতুন  ও  তার ১০ মাস বয়সি মেয়ে খাদিজা। শালিখা থানায় মামলা হয়েছে।

মেলান্দহ (জামালপুর) : জামালপুরের মেলান্দহে সোমবার সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক রাকিবুল ইসলাম (২২) নিহত হয়েছে। আহত হয়েছে আইনজীবীর সহকারীসহ তিন শ্রমিক। নিহত রাকিবুল ইসলাম সাধুপুর টিকাদারপাড়ার সোনাহারের ছেলে।

কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় ফোরকানিয়া মাদ্রাসায় পড়তে যাবার পথে ট্রাকের চাপায় রাফিন পালোয়ান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের জালিসা উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা :  চুয়াডাঙ্গার দর্শনায় গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় সোহান (১৭) নামের এক জনের মৃত্যু হয়েছে। 

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে গতকাল ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় মুজাহিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

চাটমোহর (পাবনা) : চাটমোহর-পাবনা সড়কের মহেষপুর এলাকায় গতকাল মাছের পোনাবাহী পিকআপ ও সিএনজিচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে আলফা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।