আহমদ শরীফকে লেখা নির্বাচিত পত্রাবলি ২

সংকলন ও সম্পাদনা : নেহাল করিম

বাংলা একাডেমি

প্রচ্ছদ : অশোক কর্মকার। মূল্য : ৫০০ টাকা

 

ড. আহমদ শরীফ ছিলেন বিজ্ঞানমনস্ক মানবকল্যাণমুখী লেখক ও চিন্তক। পিতৃব্য আবদুল করিম সাহিত্যবিশারদের মানসপুত্র হিসেবে কিশোরকাল থেকে বাংলা সাহিত্যের উত্স ও বিকাশের সঙ্গে পরিচিত হন। ছিলেন বিরল ব্যক্তিত্বের অধিকারী, মানসিকতায় স্বাধীনচেতা। ১৯৬৫ সালে রচিত ‘ইতিহাসের ধারায় বাঙালী’ প্রবন্ধে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ এবং ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটিকে জাতীয় সংগীত হিসেবে প্রস্তাব রেখেছিলেন সাহস ও দৃঢ়তার সঙ্গে।

আহমদ শরীফ ৭৮ বছর ১১ দিন (১৩ ফেব্রুয়ারি ১৯২১-২৪ ফেব্রুয়ারি ১৯৯৯) পর্যন্ত এই ধরণীতে ছিলেন। তাঁর অনেক শখের অন্যতম একটি শখ ছিল তাঁর কাছে লেখা চিঠি সংরক্ষণ। তাঁর প্রয়াণের আঠারো বছর পর প্রায় ষাট বছরব্যাপী বিভিন্ন জনের কাছ থেকে আসা চিঠির স্তূপ পাওয়া গিয়েছে। চিঠির সংখ্যা দু হাজারের কিছু বেশি বা কম হতে পারে। তার মধ্য থেকে নির্বাচন করে দুটি খণ্ডে চিঠিগুলো প্রকাশের পরিকল্পনা গৃহীত হয়। প্রথম খণ্ডটি বেরিয়েছে ২০১৭-র এপ্রিলে। বর্তমান দ্বিতীয় খণ্ডে সংকলিত ১৯৮০-১৯৯৯-এর মধ্যে তাঁর শিক্ষক, শিক্ষকতুল্য বা রাজনৈতিক সুহূদ, পেশাগত সহকর্মী-সহবন্ধু, ছাত্র এবং শুভাকাঙ্ক্ষীর লেখা ৩১৮টি পত্রে সাহিত্য নিয়ে বিভিন্ন আলোচনা যেমন আছে তেমনি আছে সামাজিক, রাজনৈতিক বিষয়াদিও; সেইসঙ্গে প্রশংসাসূচক পত্রাদির সঙ্গে বিরূপ মন্তব্য করা পত্রগুলোও।