জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনা থেকে আফগান দূত প্রত্যাহার

জাতিসংঘে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনের শেষ ভাগে তার  জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা ছিল। জাতিসংঘ মুখপাত্র এ কথা জানান ।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, এক বক্তব্যে তালেবানের বিরোধিতা করার কারণে গুলাম ইসাকজাইয়ের নাম রবিবার দিবাগত মধ্যরাতের পর বক্তাদের নামের তালিকা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তিনি আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের প্রতিনিধিত্ব করেন।

ইসাকজাই আফগানিস্তানের প্রাক্তন গণতান্ত্রিক সরকারের নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি। কিন্তু গত মাসে তালেবান দেশটিকে দখলে নিলে ভেঙে পড়ে সেখানকার রাজনৈতিক কাঠামো। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিকের মতে, ইসাকজাইয়ের কর্মীরা গত সপ্তাহের শেষে জাতিসংঘকে জানান যে তিনি অধিবেশনে ভাষণ দেবেন না।

সাধারণ পরিষদের প্রেসিডেন্টের মুখপাত্র মনিকা গ্রালি এএফপি’কে বলেন, ‘দেশটি সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ আলোচনা থেকে তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিয়েছে।’

ইত্তেফাক/এএইচপি