নানা আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন

ইত্তেফাক ডেস্ক

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

চট্টগ্রাম :সকালে টিআইসি মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন মহানগরী আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। এছাড়া চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জিইসি মোড় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর জীবন এবং তার নেতৃত্বের ওপর দুই দিনব্যাপী ফটো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বরিশাল :সকালে বরিশাল নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সময়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়রের পক্ষে প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, গাজী নঈমুল হোসেন লিটু, আয়শা তৌহিদা লুনাসহ কাউন্সিলররা শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিকেলে নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া-মিলাদের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ জাহিদ ফারুক শামীমের অনুসারীরা পৃথক কর্মসূচি পালন করেছেন। বিকেলে নগরীর নূরিয়া স্কুলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে আলোচনাসভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

খুলনা :সকালে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।

ময়মনসিংহ :দিনটি উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ কেন্দ্রে গণটিকা দেওয়া হয়। এই কার্যক্রম পরিদর্শন করেন মেয়র ইকরামুল হক টিটু। এ সময় উপস্থিত ছিলেন মমেকের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির, অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ প্রমুখ।

সিলেট :জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) :জন্মদিন পালন উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে ভাণ্ডারিয়া পৌরসভাসহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নে ১০ হাজার ৫০০ জনকে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়। ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় এ তথ্য জানান। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসীর উদ্দিন খলিফা প্রমুখ।

লক্ষ্মীপুর :দুপুরে উপজেলার নোয়াগাঁও বরিআইশ বাজারে আয়োজিত শেখ হাসিনা শীর্ষক আলোচনাসভায় কোরআন শরিফ বিতরণ করা হয়। নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এ আলোচনাসভা ও শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণের আয়োজন করে। নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মানিকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারিজ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদ উল্যা, বোরহান পাঠান, ছাত্রলীগ নেতা শাকিল পাটওয়ারী প্রমুখ।

এছাড়া পঞ্চগড়, নড়াইল, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর, সুনামগঞ্জ ও ছাতক, পাবনা ও চাটমোহর, চট্টগ্রামের আনোয়ারা ও লোহাগাড়া, বরগুনার আমতলী, কুষ্টিয়ার ভেড়ামারা, বরিশালের মুলাদী, বানারীপাড়া ও আগৈলঝাড়া, দিনাজপুরের বিরামপুর ও কাহারোল, শরীয়তপুরের নড়িয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তিতাস, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ, নেত্রকোনার খালিয়াজুরী, নাটোরের লালপুর ও সিংড়া, খুলনার কয়রা, ভোলা দক্ষিণ, লালমোহন ও মনপুরায় নানা আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উদ্যাপিত হয়েছে।